বাংলাদেশ প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জের ধরে তিন মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও তা পান করে পলি বেগম নামে এক নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার দেড় বছরের ছোট মেয়ে মীমের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ সন্তানসহ বিষপান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দশ বছর আগে কাশিয়ানী উপজেলার লংকারচর গ্রামে হাবিবুর রহমান মোল্লার ছেলে টিটু মোল্যার সঙ্গে একই উপজেলার খাগড়াবাড়ি গ্রামের শরিফুল শেখের মেয়ের পলি বেগমের বিয়ে হয়। এ দম্পতির আফসানা, আমেনা ও মিম নামে তিনটি মেয়ে আছে।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে শাশুড়ি সেকেলা বেগম পুত্রবধূ পলির বাবা শরিফুল শেখের একাধিক বিয়ে নিয়ে লজ্জা দিতেন। এছাড়া শাশুড়ি ও দেবর মিটু মোল্লা বিভিন্ন বিষয় নিয়ে ওই গৃহবধূকে মানসিকভাবে নির্যাতন করছিল। মঙ্গলবার বাড়িতে পাতা শুকানো নিয়ে শাশুড়ি ও দেবরের সঙ্গে ঝগড়া হয় পলি বেগমের। এতে পলি রাগ করে বাড়িতে থাকা বিষ তিন মেয়েকে পান করিয়ে নিজেও পান করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারে লোকজন তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে দেড় বছরের ছোট মেয়ে মীমের মৃত্যু হয়। পরে অসুস্থ আফসানা ও আমেনাকে বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

