উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড, পুড়েছে ২ শতাধিক ঘর

0
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড, পুড়েছে ২ শতাধিক ঘর

কায়সার হামিদ মানিক: কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ২ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুর ১ টার দিকে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর।

অধিনায়ক মো. আমির জাফর জানান, আগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের ঘটনায় ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

তিনি জানান,শনিবার দুপুর ১টার দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে এপিবিএন তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে আগুনে ২ শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় ৩ শতাধিক ঘরসহ নানা স্থাপনা।