রংপুরে বিএনপির বহিষ্কৃত নেতা উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা

0
রংপুরে বিএনপির বহিষ্কৃত নেতা উপজেলা চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা

জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী বিএনপি’র বহিস্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। বুধবার নির্বাচনী ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আব্দুল মালেক এর আদালতে শপথ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারির আদেশ বাতিল করার আবেদন শুনানী হয়েছে। উভয় পক্ষের আইনজীবি দীর্ঘ সময় ধরে আদালতে শুনানীতে অংশ নেন।

বিকেলে আদালত আগামী ৩০ জুন রবিবার শুনানীর তারিখ ধার্য করেছে। এর আগে ট্রাইব্যুনাল শুনানীর জন্য ২২ জুলাই তারিখ নির্ধারণ করে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ধাপে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ৩ জুলাই। নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের আইনজীবি জোবাইদুল ইসলাম বুলেট জানান, সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার পক্ষে সরকারী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৪ জুন। আইন অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার এক মাসের মধ্যে নির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান করতে হবে। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী রুহুল আমিন নির্বাচনী ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মামলা দায়ের করেন। এতে দু‘পক্ষের বক্তব্য না শুনে একতরফা ভাবে শপথ গ্রহনের উপর নিষেধাজ্ঞা জারি করা ন্যায় বিচারের পরিপন্থি। সে কারনে দ্রæত শুনানীর জন্য বিজ্ঞবিচারকের কাছে আবেদন করা হয়েছে। আদালতের বিচারক আগামী ৩০ জুন শুনানীর নতুন তারিখ নির্ধারণ করেছে। আমরা ন্যায্য বিচার পাবো বলে প্রত্যাশা করছি।

অপরদিকে পরাজিত চেয়ারম্যানপ্রার্থী মামলার বাদী আওয়ামীলীগ নেতা রুহুল আমিনের আইজনীবি অ্যাড. আব্দুল মালেক বলেন, আদালত শপথ গ্রহনের উপর নিষেধাজ্ঞা জারি করে আগামী ২২ জুলাই শুনানীর দিন ধার্য করেছিল। এঅবস্থায় বিবাদীর শুনানীর আবেদনের উপর শুনানী হয়েছে। শুনানীর তারিখ এগিয়ে নেওয়ার আবেদনের বিষয়ে আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে।