আব্দুল লতিফ তালুকদার: চলতি বন্যায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার ২৮ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানির প্রবল স্রোতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী-ভালকুটিয়া-চিতুলিয়াপাড়ার সংযোগ সড়ক ভেঙে গেছে। এতে করে চার গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন।
শনিবার (০৬ জুলাই) সকালে পানির তীব্র স্রোতে সড়কটি ভেঙে যায়। মুহুর্তেই আশপাশের লোকালয়ে পানি প্রবেশ করে। এদিকে, ভালকুটিয়ার রাস্তাটি ভেঙে যাওয়ায় কষ্টাপাড়া, গোবিন্দাসী, স্থলকাশি, রুহুলী, কয়েড়াসহ আরও বেশ কয়েকটি এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। যার কারণে এসব এলাকার নিম্নাঞ্চলের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। এলাকার পুঁইশাক, কলমি শাক, ঢেঁড়শ, কাঁচা মরিচ, ধুন্দুল, শসা, কচুঁসহ বিভিন্ন ধরণের শাক-সবজি পানিতে তলিয়ে গেছে। এদিকে সড়কটি ভেঙে যাওয়ায় কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষির্থীরা বিপাকে পড়েছে। চলমান ষান্মাসিক মূ্লল্যায়নে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বন্যার পানি উঠেছে অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ে। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে পানি উঠান আশঙ্কা রয়েছে। ভালকুটিয়া গ্রামের মুহাইমিনুল ইসলাম হৃদয় জানান, ‘অতিরিক্ত পানির চাপে রাস্তাটি ভেঙে গেছে। একমাত্র চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ছেলে-মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হচ্ছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদের বলেন, ‘বন্যার পানির স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় স্থলকাশি চিতুলিয়া পাড়া ও ভালকুটিয়া এলাকার লোকজনের ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে। এদিকে উপজেলার চারটি ইউনিয়নের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলার গাবসারা, অর্জনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষ বন্যায় আক্রান্ত। বিশেষ করে গাবসারা ও অর্জুনা ইউনিয়নের চরাঞ্চলের শতাধিক বাড়িঘর এখন পানির নীচে। এসব মানুষ তাদের যাতায়াত ও খাদ্য সংকটে রয়েছেন। এছাড়া গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান- ‘গোবিন্দাসী ভালকুটিয়া গ্রামের সড়কটি পানির স্রোতে ভেঙে যাওয়ার বিষয়টি জেনেছি। ভাঙনের কারণে কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত যাতায়াতের জন্য উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’। ক্যাপশন: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী-ভালকুটিয়া রাস্তাটির ৩০ মিটার ভেঙে গেছে।

