শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

0
শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেল শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া -নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার বনগ্রামের দুলাল মিয়ার ছেলে আরিফুল ইসলাম সুজন (২৮) ও একই উপজেলার জামিরতা গ্রামের মানিক মিয়া ছেলে বাহাদুর মিয়া (৩০)। জানা গেছে, বাহাদুর মিয়া সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এডিসির (শিক্ষা) সিএ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে শাহজাদপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হয়। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী।

তিনি জানান, ট্রাক ও সিএনজি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিহতদের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।