টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

0
টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করার পরই জানানো যাবে।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার রহিম মল্লিকের ছেলে এবং নিহত রফিকুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামারপাড়ার জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের শরবত মন্ডলের ছেলে আইনাল হক (৫০)।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি ভিজিএফের চাল ও টিসিবির কার্ড বিতরণ নিয়ে পূর্ববিরোধের জেরে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের বাকবিতণ্ডা হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তার লোকজন রফিককে মারধর করতে থাকেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন রফিকের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ৮-১০ দিন আগে তিতুদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সাগর এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামালের সঙ্গে টিবিসির কার্ড বিতরণ নিয়ে ঝামেলা বাঁধে বিএনপি নেতা রফিকের। সেই সূত্র ধরে শনিবার তিতুদহ ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনামূল্যে চাল বিতরণ নিয়েও ঝামেলা বাঁধলে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সাগর ও কামালের পক্ষ নিয়ে রফিকের সঙ্গে তারাও জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষে রফিকের মৃত্যু হয়।

এদিকে সংঘর্ষের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেন। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু জানান, আওয়ামী লীগের লোকজন দলে অনুপ্রবেশ করে রাজনৈতিক ফায়দা লুটতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। আমরা প্রকৃত ঘটনা উন্মোচন করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।