জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে রোগীর সাথে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। সোমবার বিকেলে রংপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি কোতোয়ালি) আদালতে মামলাটি দায়ের করেন আতোয়ার হোসেন নামে এক রোগী।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন, ২০২০ এর ২৯(১) (২) ধারা মতে অভিযোগকারীর নালিশ আগামী তিন কার্যদিবসের মধ্যে এফআইআর হিসেবে গ্রহণ করে আদালতকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ বিচারক মোঃ রাশেদ হোসাইন। মামলার বাদী মোঃ আতোয়ার হোসেন (৪৫) গাইবান্ধা সদরের খোলাহাটি কুমারপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বাদী আতোয়ার রহমান এজাহারে বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুবুর রহমান প্রতারণার মাধ্যমে তার হার্টের রক্তনালীতে একটি রিং (স্টেন্ট) পরিয়ে তিনটি রিংয়ের টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। ডাঃ মাহবুবুর রহমান রিং পরানোর যে সিডি দিয়েছেন তাতে রিং লাগানোর কোনো নজির নেই তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় একটা রিং পরানোর রেকর্ড রয়েছে। ডাঃ মাহবুবুর তিনটি রিং লাগোনোর কথা বলে আমার কাছ থেকে তিন লাখ ২০ হাজার টাকা নিয়েছেন।
২০২৩ সালের ১৬ ডিসেম্বর হার্ট অ্যাটাক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ মাহবুবুর রহমানের অধীনে ভর্তি হন। এনজিওগ্রাম করে ডাঃ মাহবুবুর জানান, হার্টের রক্তনালীতে তিনটি বøক আছে এজন্য পাঁচ লাখ টাকা দিতে হবে। এরপর ৯ শতক জমি বিক্রি করে তিনটি রিংয়ের জন্য মেডিকেলের এমএলএস শহিদুল ইসলামের সহায়তায় তিন লাখ ২০ হাজার টাকায় তিনটি রিং পরাতে রাজি হন ডাঃ মাহাবুবুর। রিং পরানোর পর অবস্থার উন্নতি না হলে কয়েকদফা ওই হাসপাতালে ভর্তি হতে হয় ডাঃ মাহাবুবুরের অধীনে।শ্বাস কষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে আতোয়ার গত বছরের ২৮ ফেব্রæয়ারি আরেক হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে রংপুর মেডিকেলে ভর্তি হয়ে সুস্থ হন। এ সময় জানতে পারেন তার হার্টের রক্তনালীতে একটি রিং পরানো হয়েছে। আগে, আতোয়ার রহমানসহ আরও বেশ কয়েকজন ভুক্তভোগী ডাঃ মাহবুবুর রহমানের ‘প্রতারণা ও রিং বাণিজ্যের’ বিরুদ্ধে হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন, দুদকসহ স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। ভুক্তভোগী আতোয়ার রহমান জানান, হার্টের চিকিৎসা করাতে গিয়ে তিনি চিকিৎসকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বর্তমানে কষ্টে দিনযাপন করতে হচ্ছে। মাহবুবুর রহমান আমার ওপর ক্ষিপ্ত হয়ে গাইবান্ধা শহরের বিভিন্ন লোকজনকে আমার বাড়িতে পাঠিয়ে অভিযোগ তুলে নিতে হুমকি দেন। এ ধরনের কর্মকান্ডে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। ন্যাযবিচার পাওয়ার আশায় আমি আদালতের দারস্ত হয়েছি।
এদিকে, ডাঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে রিং বিক্রি ও অবহেলাজনিত রোগীর মৃত্যুর ছয়টি লিখিত অভিযোগ হয়েছে। এর মধ্যে ৫টি অভিযোগ করা হয়েছে দুনীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, রমেক হাসপাতাল, রংপুর সিভিল সার্জন অফিসে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ মাহবুবুর রহমানকে কয়েকবার মোবাইল ফোনে যোগায়োগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

