মৃত্যুর কারন গোপন করে গৃহবধূর লাশ দাফনের চেষ্টা

0
মৃত্যুর কারন গোপন করে গৃহবধূর লাশ দাফনের চেষ্টা

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হৃদরোগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়ে লাশ দাফনের কাজ শুরু করেন স্বামী ও তার লোকজন। কিন্তু মৃতদেহ গোসল করানোর সময় গলায় কালো দাগ দেখার বিষয়টি জানতে পারে থানা পুলিশ। জানাযার নামাজের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করেন স্বামী ও শ্বশুর। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রাম থেকে নাসরিন আক্তার (৩০) নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নাসরিন আক্তার উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের আবুল হোসেন ভূইয়ার মেয়ে এবং পশ্চিম বোয়ালিয়া গ্রামের দুলাল ব্যাপারীর স্ত্রী।

থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নাসরিনের শ্বশুর বাড়ির লোকজন প্রথমে দাবি করেন, রোববার দিবাগত রাতে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে দাবি করেন, নাসরিন আত্মহত্যা করেছেন। অপরদিকে নাসরিনের বাবা আবুল হোসেন ভূইয়ার দাবি, তার মেয়েকে হত্যা করে স্ট্রোকে মৃত্যুর কথা বলে লাশ দাফনের চেষ্টা করা হয়েছিলো।

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুব হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম বোয়ালিয়া গ্রামে গৃহবধূ নাসরিন আক্তারের লাশ দাফনের প্রস্তুতি চলছিলো। কিন্তু লাশ গোসলের সময় গলায় কালো দাগ দেখে স্থানীয় নারীদের মধ্যে কানাঘুষা শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানাযা স্থলে উপস্থিত হয়। পরে লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানাযার প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হলে নাসরিনের স্বামী কিংবা শ্বশুরকে পাওয়া যায়নি।

নাসরিনের বাবা আবুল হোসেন ভূইয়া বলেন, রোববার দিবাগত রাত ১২চার পরে নাসরিনের শ্বশুর কাসেম ব্যাপারী তাদের মোবাইল ফোনে জানায় নাসরিন স্ট্রোক করেছে। রাতেই জামাতার বাড়ি গিয়ে মেয়ের মৃতদেহ দেখতে পান তিনি। সোমবার বেলা ১১টার দিকে জানাযা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়। ১১টার দিকে পুলিশ পৌছলে নাসরিনের শ্বাশুড়ি জানায়, নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাতে হৃদরোগের সংবাদ এবং পুলিশ দেখে আত্মহত্যার কথা বলায় সন্দেহ দেখা দেয় তার। আবুল হোসেন ভূইয়ার দাবি, নাসরিনকে হত্যা করে ভিন্ন কথা বলে লাশ দাফনের চেষ্টা করা হয়েছিলো।

নাসরিনের শাশুড়ি আমেনা বেগম বলেন, তার ছেলে দুলালের সঙ্গে ঝগড়া করে রাতে নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। থানা পুলিশের ঝামেলা এড়াতে বিষয়টি গোপন করে অসুস্থ্য হয়ে মৃত্যুর কথা সবাইবে জানানো হয়েছিলো।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, গৃহবধুর মৃত্যুর কারণ গোপন করে লাশ দাফনের চেষ্টা করেছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।