উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারিভাবে স্থানীয় খাদ্য গুদামে আমন ধান ও চাল ক্রয় সংগ্রহ শুরু হয়েছে। গত ২০ দিনে ১২ মেট্রিক টন ধান ও ৩২১ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল ক্রয় সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদককে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন গত ২০ নভেম্বর উল্লাপাড়ায় সরকারিভাবে আমন ধান ও চাল ক্রয় সংগ্রহের উদ্বোধন ও শুরু করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ বলেন, কৃষকদের কাছ থেকে এবারের মৌসুমে ৮৫ মেট্রিক টন আমন ধান ও ১ হাজার ২৯৫ মেট্রিক টন চাল ক্রয় সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৪ টাকা ও প্রতি কেজি চাউল ৫০ টাকা দর বেধে দেওয়া হয়েছে। এবারে মোট ৪১ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন। একজন কৃষক সরকারি খাদ্য গুদামে তিন টন ধান বেচতে পারবেন। আগামী ২৮ ফেব্রুয়ারী ধান ও চাল ক্রয় সংগ্রহের শেষ দিন নির্ধারণ করা আছে বলে জানানো হয়।

