সাইফুল ইসলাম: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রীজের রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।গেলো রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি বড়দাহ পুরাতন ব্রীজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভোরে প্রথমে মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাকের চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজনই পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

