
সাইফুল ইসলামঃ রাজনৈতিক বিশ্বাস কতটা গভীর হলে একজন মানুষ দীর্ঘ ১১ বছর ৭ মাস ধরে নিজের প্রিয় খাদ্য ত্যাগ করে জীবন বাজি রাখতে পারেন তার এক বিরল ও জীবন্ত উদাহরণ হয়ে থাকবেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৭০)।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত খাননি। বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না এই দৃঢ় রাজনৈতিক প্রতিজ্ঞা থেকেই তিনি ভাত পরিহার করেছিলেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই দিন নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন এমন অভিযোগ ওঠে। সেই ঘটনার অপমান ও ক্ষোভ থেকেই নিজাম উদ্দিন এই ব্যতিক্রমী শপথ নেন। এরপর থেকে তিনি ভাতের পরিবর্তে রুটি, চিড়া, গুড়, কলা ও শুকনো খাবার খেয়ে জীবনযাপন করতেন। পরিবারের সদস্যরা বহুবার প্রতিজ্ঞা ভাঙার অনুরোধ জানালেও তিনি অনড় ছিলেন।
তাঁর ছেলে শাহ আলম জানান, চিকিৎসকেরা ভাত খাওয়ার পরামর্শ দিলেও বাবা বলতেন—প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজের কাছেই পরাজিত হবেন। দীর্ঘদিন ভাত না খাওয়ার ফলে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং নানা জটিলতা দেখা দেয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবরে গুরুতর অসুস্থ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তাঁর নির্দেশনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন।
উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, নিজাম উদ্দিন কোনো পদধারী নেতা না হলেও তাঁর আত্মত্যাগ হাজার বক্তৃতার চেয়েও শক্তিশালী বার্তা বহন করে।
স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া বলেন, এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে বিরল উদাহরণ হয়ে থাকবে। মৃত নিজাম উদ্দিন ছিলেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর আলী বাক্স মণ্ডলের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। তাঁর মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞার সমাপ্তি যা রাজনীতির ইতিহাসে বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজ বেলা ৩ টায় নিজ এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
