জয়নাল আবেদীনঃ রংপুরের বদরগঞ্জে স্পিরিট পান করে দু‘জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়।মৃত দুই ব্যক্তি হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল ও ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে রোববার বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে তারা রেকটিফাইড স্পিরিট কিনেআসর জমিয়ে পান করে । পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে আটক করা হয়েছে।

