লোকমান হোসাইন: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র, সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব নূরুল মিল্লাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একজন ত্যাগী ও পরীক্ষিত জনপ্রতিনিধিকে হারিয়ে শোকাহত।
এদিকে তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা এবং কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল।
পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার বাদ আছর কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

