‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত!’: জামায়াত নেতার ভিডিও ঘিরে লক্ষ্মীপুরে তোলপাড়

0
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত!’: জামায়াত নেতার ভিডিও ঘিরে লক্ষ্মীপুরে তোলপাড়

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নির্বাচনী বৈতরণী পার হতে এবার ধর্মের দোহাই দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর বিরুদ্ধে। ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত এবং না দিলে গুনাহ হবে’—এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জেলা জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ উল্যাহ ভোটারদের উদ্দেশে বলছেন: “আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সওয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন।”

বক্তব্যে তিনি বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের দুর্নীতি, বিধবা ভাতা ও জেলে কার্ড বিতরণে অনিয়মের কথা উল্লেখ করে নিজেকে সৎ প্রার্থী হিসেবে দাবি করেন। তিনি আরও বলেন, অন্য দলগুলো নির্বাচিত হলে টেন্ডারবাজি ও প্রকল্পের টাকা আত্মসাৎ করবে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করছেন। মাইন উদ্দীন নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, “তারা এভাবে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হাফিজ ভাই, আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তবে কথা দিচ্ছি প্রথম ভোটটি আমি আপনাকে দাঁড়িপাল্লাতেই দেব।” অনেকেই একে ‘ধর্মীয় ব্ল্যাকমেইল’ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এ আর হাফিজ উল্যাহ সরাসরি অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন: এটি তাদের একটি অভ্যন্তরীণ (ইন্টারনাল) প্রোগ্রাম ছিল। তার দীর্ঘ বক্তব্য থেকে কথাগুলো ‘কাটছাঁট’ করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং খুব শীঘ্রই এর প্রতিবাদ জানাবেন।

রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়নের প্রতিশ্রুতির বদলে জান্নাত-জাহান্নামের দোহাই দেওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয়।