রামগঞ্জে বড় ভাঙন: বিএনপিসহ বিভিন্ন দলের ৩৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

0
রামগঞ্জে বড় ভাঙন: বিএনপিসহ বিভিন্ন দলের ৩৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটের মাঠের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম—বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহম্মেদের ছোট ভাই রিয়াজ উদ্দিন রাজন।

রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদান পরবর্তী সময়ে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও শাপলা কলি মার্কার সমর্থনে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি রামগঞ্জ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান ও গণমিছিলে নেতৃত্ব দেন জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ: মাহবুব আলম: কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী। নাজমুল হাসান পাটওয়ারী: আমীর, রামগঞ্জ উপজেলা জামায়াত। হাসান মাহমুদ বান্নাহ:আমীর, রামগঞ্জ পৌর জামায়াত।

যোগদান অনুষ্ঠানে এনসিপির প্রার্থী মাহবুব আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বিএনপির নেতাকর্মীরা দলে দলে আমাদের ১১ দলীয় জোটে সামিল হচ্ছেন। এটি পরিবর্তনের ডাক। ইনশাআল্লাহ, ভোটের দিনও হাজার হাজার মানুষ শাপলা কলিতে ভোট দিয়ে এই জোটের হাতকে শক্তিশালী করবেন।”

স্থানীয় বিশ্লেষকদের মতে, সাবেক এমপির পরিবারের সদস্য এবং বড় একটি অংশের নেতাকর্মীদের এই দলবদল লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনী লড়াইকে আরও চ্যালেঞ্জিং করে তুলল। বিশেষ করে বিএনপির একটি অংশ ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় ভোটের সমীকরণ বদলে যেতে পারে।