১৫ লাখ টাকা উদ্ধার: বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুখ খুললেন এ্যানি চৌধুরী

0
১৫ লাখ টাকা উদ্ধার: বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুখ খুললেন এ্যানি চৌধুরী

আজকের ডেস্কঃ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়া সংবাদকে ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার প্রকৃত ব্যাখ্যা প্রদান করেন এই প্রার্থী।

বুধবার লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণা চলাকালীন এ্যানি চৌধুরীর ব্যবহৃত একটি গাড়ি তল্লাশি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি মুহূর্তের মধ্যেই ‘টাকা উদ্ধার’ শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও বার্তায় এ্যানি চৌধুরী বলেন, নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সময় তিনি জানতে পারেন তার নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি তল্লাশি করা হয়েছে। উদ্ধারকৃত টাকার বিষয়ে তিনি সরাসরি ব্যাখ্যা দেন:

তিনি জানান, উদ্ধারকৃত ১৫ লাখ টাকা তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে ‘কেন্দ্র ফি’ বা নির্বাচনী খরচ বাবদ পাঠানোর জন্য রাখা হয়েছিল।

এ্যানি চৌধুরী দাবি করেন, বিষয়টি কর্তৃপক্ষ যাচাই করেছে এবং আদালত থেকে ইতোমধ্যে টাকাটি রিলিজ (মুক্ত) করে দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে এটি নির্বাচনী কাজে ব্যবহারের বৈধ টাকা হিসেবে স্বীকৃত হয়েছে।

প্রচারিত সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার ইমেজ ক্ষুণ্ন করার জন্য এই ধরনের খবর ছাপা হচ্ছে। যারা এটা নিয়ে ভিত্তিহীন নিউজ করছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই।”

নির্বাচনী প্রচারণার এই উত্তপ্ত মুহূর্তে এ্যানি চৌধুরী ভোটারদের কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচনী কাজে স্বচ্ছতা বজায় রেখেই তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এটি ছিল একটি নিয়মিত প্রক্রিয়া যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।