কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক হাবিবুর রহমান হেলালী ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির এবং এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেলের নির্বাচনী প্রচারণা কমিটির ছালিয়াকান্দি ইউনিয়নের প্রধান সমন্বয়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণ করা হচ্ছে—এমন সন্দেহে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হাবিবুর রহমানকে ঘেরাও করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে হাবিবুর রহমানের গাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার দুটি বান্ডিলে মোট ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি বলেন: “আমার কাছে এত টাকা ছিল না। নির্বাচনী এজেন্টদের দুপুরের খাবারের খরচের জন্য সামান্য কিছু টাকা ছিল। বিএনপির লোকজন ষড়যন্ত্র করে মব সৃষ্টি করেছে এবং আমার গাড়িতে জোর করে টাকা রেখে আমাকে ফাঁসানো হয়েছে।”
ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস। তিনি অভিযোগ করেন, “বিএনপির লোকজন একটি বাজারের ব্যাগে টাকা ভরে হেলালির গাড়ির পেছনে রেখে প্রশাসনকে খবর দিয়েছে। তাকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এই হীন প্রচেষ্টা চালানো হয়েছে।”
মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আবদুর রহমান জানান, টাকা বিতরণের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল নিশ্চিত করেছেন যে, আটক জামায়াত নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয়দের মতে, বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ১১ দলীয় জোটের প্রার্থী (জামায়াত নেতা) ইউসুফ সোহেলের মধ্যেই মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই আটকের ঘটনা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

