বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন সহ মোট ৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলের ‘বঞ্চিত’ ব্যক্তি হিসেবে দাবি করে লিখেন: “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
অধ্যাপক জামালের এই আহ্বানে সাড়া দিয়ে বিকেলে কিছু লোক ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা ও উৎসুক মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে অধ্যাপক জামালসহ আরও চারজনকে নিজেদের হেফাজতে নেয়। তাৎক্ষণিকভাবে আটক বাকি চারজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও সংশ্লিষ্ট থানার কোনো কর্মকর্তা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন: “এ বিষয়ে আমি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারব না। তবে তাদের (আইনগতভাবে) গ্রেপ্তার করা হয়নি, উদ্ভূত পরিস্থিতিতে হেফাজতে নেওয়া হয়েছে।”
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। আজ বিকেলের এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

