বাংলাদেশ প্রতিবেদক: লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের তিনটিতেই বিএনপি জয়লাভ করেছে।
এর মধ্যে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনে ৪৭ বছর পর এবং লালমনিরহাট-৩ আসনে ২৫ বছর পরে বিএনপি বিজয়ী হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির মো. হাসান রাজিব প্রধান। তিনি পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৫৭২ ভোট। এ আসনে হাসান রাজিব প্রধান নয় হাজার ১১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লালমনিরহাট-১ আসনে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাজী নুরুজ্জামান ২৩ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের (মালেক) আবিদ আলী। তিনি পেয়েছিলেন ২০ হাজার ২৮৬ ভোট।
এরপর বিভিন্ন সময়ে এই আসনটিতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জয়লাভ করেছে।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মো. রোকন উদ্দিন বাবুল এক লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ফিরোজ হায়দার পেয়েছেন এক লাখ ১৭ হাজার ২৫২ ভোট। বিএনপির রোকন উদ্দিন বাবুল ছয় হাজার ৬৯৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লালমনিরহাট-২ আসনে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মজিবুর রহমান ২২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ (মালেক) প্রার্থী শাহ আলম। বিএনপির মজিবুর রহমান আট হাজার ৩৩১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
লালমনিরহাট-৩ সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসাদুল হাবিব দুলু এক লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবু তাহের পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট। বিএনপির আসাদুল হাবিব দুলু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৮৩ হাজার ৪০৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, লালমনিরহাট-৩ আসনে ২৫ বছর আগে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসাদুল হাবিব দুলু ৬৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবু সাঈদ দুলাল। তিনি পেয়েছিলেন ৪২ হাজার ৯১২ ভোট।
এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ সদর আসন থেকে বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ ২২ হাজার ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবুল হোসেন। তিনি পেয়েছিলেন ২১ হাজার ৪৭২ ভোট।

