চাঁদপুর প্রতিনিধিঃ দুর্নীতি ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা তাঁর ‘দুর্নীতিমুক্ত’ কর্মপরিকল্পনার সঙ্গে তাল মেলাতে পারবেন না, তাদের স্বেচ্ছায় বদলি হয়ে যাওয়াই শ্রেয়। পাশাপাশি সামাজিক শৃঙ্খলা ফেরাতে রাতে কিশোরদের অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃ্ঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এলাকায় কিশোরদের বিপথগামী হওয়া রোধ করতে শিক্ষামন্ত্রী এক বিতর্কিত অথচ কঠোর নির্দেশনা জারি করেছেন। তিনি বলেন: রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি সম্পূর্ণ বন্ধ করতে হবে। সন্দেহভাজন কাউকে রাস্তায় পাওয়া গেলে পুলিশ সরাসরি জিজ্ঞাসাবাদ করবে। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা ‘কনস্টিটিউশনাল ভায়োলেন্স’ (সাংবিধানিক লঙ্ঘন) এর প্রশ্ন উঠলে তা পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি জীবনে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না—এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)।” সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তাঁর কঠোর বার্তা:
“আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা একমত হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। অন্যথায় আমাকে বললে আমিই আপনাদের ভালো জায়গায় বদলির ব্যবস্থা করে দেব। তবে এই এলাকাকে আমি দুর্নীতির কলঙ্কমুক্ত ও পবিত্র রাখব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসান। এছাড়া কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

