রমজানে বাজার তদারকি জোরদার: যশোরের রূপদিয়ায় দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

0
রমজানে বাজার তদারকি জোরদার: যশোরের রূপদিয়ায় দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

কেশবপুর প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার রূপদিয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘গোপাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের সরবরাহে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ‘খান পান’ প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় একই আইনের ৩৮ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং রমজান মাসে অতিরিক্ত মুনাফা বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে নিয়মিত মূল্য তালিকা টানিয়ে রাখা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যে বিক্রি করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও তারা জানান। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন।