টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষ: প্রাণ হারালেন চালকসহ ৩ জন

0
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষ: প্রাণ হারালেন চালকসহ ৩ জন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ধনবাড়ীর নলহরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

নিহত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, আকবর আলী (৫৫) ধনবাড়ী উপজেলার সেনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ওমর ফারুক (৪৫) বাউশী বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সির ছেলে। খোকন (৩০) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

নল্লা গ্রামীণ ব্যাংকের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে তারা এগিয়ে এসে দেখেন বাস ও অটোরিকশাটি একে অপরের সাথে আটকে আছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করলেও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। সড়কে বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন অনেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। বর্তমানে মরদেহ তিনটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে।