গাজীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রার শুরুতেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে ভয়াবহ যানজটের কবলে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। আজ বুধবার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ধীরগতি।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা ত্রিমোড় এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। কোথাও গাড়ি ঠাঁয় দাঁড়িয়ে আছে, আবার কোথাও চলছে কচ্ছপগতিতে। আজ দুপুরের পর গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের এই বিশাল অংশ মহাসড়কে নামলে পরিস্থিতি আরও কয়েক গুণ ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পরিবহন বিশেষজ্ঞ ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মতে, যানজটের পেছনে কয়েকটি প্রধান কারণ কাজ করছেঃ বিভিন্ন কারখানার শ্রমিকদের জন্য আগে থেকে রিজার্ভ করা অসংখ্য বাস মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকায় মূল রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। নির্দিষ্ট বাস টার্মিনাল ছাড়া যত্রতত্র যাত্রী তোলা এবং নামানোর কারণে পেছনের গাড়িগুলো আটকে যাচ্ছে। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাসগুলো আগে থেকেই পূর্ণ থাকায় চন্দ্রা এলাকায় অপেক্ষমাণ যাত্রীরা বাসে উঠতে হিমশিম খাচ্ছেন।
চন্দ্রা উড়ালসড়কের নিচে কথা হয় পোশাক শ্রমিক সেলিম হোসেনের সাথে। তিনি জানান, তার কারখানা গতকাল ছুটি হলেও ভিড় এড়াতে আজ সকালে রওনা দিয়েছেন। সেলিম বলেন, “গাড়ির সংকট তেমন নেই, তবে জ্যামের কারণে ভোগান্তি হচ্ছে। ভাড়া নিয়ে কিছুটা দরদাম করতে হলেও যেভাবেই হোক আজ বাড়ি পৌঁছাতে চাই।”
বিপুল সংখ্যক পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন থাকলেও যানবাহনের অত্যধিক চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, “গতকাল থেকেই যাত্রীচাপ বাড়তে শুরু করেছে। আজ দুপুরের পর অনেক কারখানা ছুটি হলে এই চাপ আরও বাড়বে। মহাসড়কের পাশে শ্রমিকদের জন্য রাখা ভাড়ার গাড়িগুলোই মূলত যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছি।”
গাজীপুরের প্রায় ৫ হাজার ছোট-বড় কারখানার মধ্যে গতকাল ২৫ শতাংশ ছুটি হয়েছে। আজ বুধবার অধিকাংশ এবং আগামীকাল বৃহস্পতিবার অবশিষ্ট ৮৩৩টি কারখানা ছুটি হবে। ফলে আজ বিকেল থেকে আগামীকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিল ধারণের জায়গা থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

