ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতো পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা ওই গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়ড়া ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রুবেলের বাড়িতে ইফতার মাহফিলে অংশ নিতে যান গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। তিনি তার প্রাইভেটকারটি নিকটস্থ কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছিলেন। ইফতার চলাকালীন একদল দুর্বৃত্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে দুলাল চকদার বলেন, আমি ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই কে বা কারা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, উপজেলার কয়েড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

