সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

0
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে অত্যন্ত আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছেন ২৫টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের মাঝে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে।

সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ছোট-বড় সবার পরনেই ছিল নতুন পোশাক, যা উৎসবের আবহকে আরও রঙিন করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এ বছরও চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদ পালন করছেন।

ঈদে অংশ নেওয়া উল্লেখযোগ্য গ্রামগুলো হলো, চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা ও জাজিরা। বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর ও দৌলতপুর। হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর ও কয়ারিয়া। রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর ও খাসেরহাটসহ মোট ২৫টি গ্রাম।

“আমাদের পূর্বপুরুষদের প্রথা অনুসারে আমরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের অংশ।” সাগর দেওয়ান, স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরীফের মুরিদ।

ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রবীর কুমার রায় জানান, প্রতিটি জামাতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নামাজ সম্পন্ন হয়েছে।