সারাদেশে কয়েকশ গ্রামে ঈদুল ফিতর উদযাপন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে উৎসবের আমেজ

0
সারাদেশে কয়েকশ গ্রামে ঈদুল ফিতর উদযাপন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে উৎসবের আমেজ

আজকের ডেস্কঃ চাঁদপুর, পিরোজপুর, সাতক্ষীরা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এসব এলাকার কয়েক লাখ মানুষ কয়েক দশক ধরে আগাম ঈদ পালন করে আসছেন।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফ মাঠ ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে পৃথক দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়। ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর প্রবর্তিত নিয়ম অনুযায়ী হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রামের মানুষ আজ ঈদ পালন করছেন। পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, এখন দেশের প্রায় প্রতিটি জেলাতেই এই অনুসারীরা ছড়িয়ে পড়েছেন।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া, কাউখালী ও নাজিরপুর উপজেলার ১০টি গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করছে। শরীয়তপুরের শুরেশ্বর পীরের অনুসারী এসব পরিবার ১৫০ বছর ধরে এই রীতি মেনে আসছে। সকাল থেকেই শিয়ালকাঠী মোল্লাবাড়ি জামে মসজিদ ও মঠবাড়িয়ার হাজি ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা, শ্যামনগরের কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটিতে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আহলে হাদিসের একটি অংশের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন।

ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১২টি গ্রামে চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের অনুসারীরা ঈদ পালন করছেন। সকাল ৮টায় মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এসব এলাকার বাড়িতে বাড়িতে ঈদের বিশেষ খাবার তৈরি ও উৎসবের আমেজ বিরাজ করছে।

“বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই আমরা রোজা রাখি এবং ঈদ পালন করি। এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য।” পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী, সাদ্রা দরবার শরিফ।