মাধবপুরে বাস-পিকআপের ভয়াবহ সংঘর্ষ: মা-ছেলেসহ প্রাণ হারালেন ৪ জন

0
মাধবপুরে বাস-পিকআপের ভয়াবহ সংঘর্ষ: মা-ছেলেসহ প্রাণ হারালেন ৪ জন

হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ মোট ৪ জন নিহত হয়েছেন। আজ রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকায় একটি দ্রুতগামী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, ইব্রাহিম মিয়া পিকআপ চালক, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাসিন্দা। আছমা আক্তার কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। সজিব (১২) আছমা আক্তারের ছেলে। অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি নিহত আছমার স্বামী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় বিপরীতমুখী একটি বাস ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়।

সকাল ৯টার দিকে স্থানীয় পথচারীরা খাদে পিকআপটি উল্টে থাকতে দেখে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং পিকআপের নিচ থেকে একে একে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। ইতোমধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। চতুর্থ ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

একই পরিবারের মা-ছেলেসহ চারজনের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।