বিনোদন ডেস্কঃ ঈদের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বড় পর্দায় মুক্তি পাওয়া বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের ঢাকার অন্ধকার জগতের ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রাজত্ব শুরু করেছে। স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও অন্যান্য প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিএমআর (বক্স অফিস রেকর্ড)-এর তথ্যমতে, ই-টিকেটিং সুবিধা সংবলিত প্রেক্ষাগৃহগুলোতে প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়েছে ‘প্রিন্স’। প্রাপ্ত হিসাব অনুযায়ী: মোট শো: ৩১টি (লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট, মনিহার, মধুবন, শ্যামলী ও সিনেস্কোপসহ বিভিন্ন ভেন্যুতে)। ৩১টি শো-র মধ্যে ২৬টি শো-ই ছিল শতভাগ ‘হাউজফুল’। দিনের মোট আয় ১৬.১৯ লাখ টাকা।
সিনেমাটির মূল আকর্ষণ সুপারস্টার শাকিব খান। নিজের চেনা রোমান্টিক বা গতানুগতিক অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে তার অনবদ্য অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের যে নিখুঁত আখ্যান ফুটে উঠেছে, তা দর্শকদের নস্টালজিক করে তুলছে।
শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নজর কেড়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তসনিয়া ফারিণ। এছাড়া ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজের মতো শক্তিমান অভিনেতাদের উপস্থিতি সিনেমাটিকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে উপস্থাপন করেছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের লম্বা ছুটিতে ‘প্রিন্স’-এর আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে বৈচিত্র্যময় লোকেশন এবং আবু হায়াত মাহমুদের নির্মাণশৈলী দর্শকদের হলে টানতে বড় ভূমিকা রাখছে।

