ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে, যা আমাদের জন্য একটি ‘কঠিন সময়’ নিয়ে আসছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব রাজনীতির অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের অপূরণীয় ক্ষতি করছে। এর ফলে তেলের সরবরাহ কমে যাচ্ছে এবং সামনে দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপর। আমাদের ধৈর্য ধরে এই সংকট মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের মানুষ ধার্মিক হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। সৎ পথে চলা এবং হালাল উপার্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আল্লাহর সন্তুষ্টি ছাড়া এবং সৎ না থেকে কেউ জান্নাতে যেতে পারবে না।”
পাশাপাশি, তেল সংকটের সুযোগ নিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া বা পাম্প ভাঙচুরের মতো ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি। তিনি স্পষ্ট জানান, কোনো ধরনের উশৃঙ্খল জনতা বা ‘মব’কে সহ্য করা হবে না। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না, প্রশাসন কঠোর হস্তে এসব দমন করবে।
সম্প্রতি ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গম এবং আলু চাষিদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনা করেই সরকার কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের সহায়তায় বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। সারাদেশে কয়েক কোটি নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করা হচ্ছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় দেশজুড়ে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

