শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান লস্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে শাহজাদপুর সরকারি কলেজ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, প্রেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ,থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি, নিত্য ও সঙ্গীত পরিবেশন করেন শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ ।