বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন পুরুষ, ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন নারী এবং ১০ জন হিজড়া ভোটার রয়েছেন।
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার অভিযোগ ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া এবং ভোট গণনায় নানা অনিয়ম করা হয়েছে। বেশ কিছু কেন্দ্রে জামায়াত প্রার্থীর পোলিং এজেন্টদের সাথে অসহযোগিতা করা হয়েছে। নির্দিষ্ট কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে তারা লিখিত আপত্তি জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
সকাল থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ চললেও সন্ধ্যার পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। সদর উপজেলার ২১টি পৌর ওয়ার্ড ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিএনপির আধিপত্য বজায় থাকল।
বিজয় ঘোষণার পর রেজাউল করিম বাদশার সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন। অন্যদিকে, জামায়াত শিবিরের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

