জাতীয় সংসদে রেকর্ড ৩১ বিল পাস: বহাল থাকল অন্তর্বর্তী সরকারের ২৮ অধ্যাদেশ

0
জাতীয় সংসদে রেকর্ড ৩১ বিল পাস: বহাল থাকল অন্তর্বর্তী সরকারের ২৮ অধ্যাদেশ

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ কার্যদিবসে এক ঐতিহাসিক আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে মোট ৩১টি বিল পাস করা হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ২৮টি অধ্যাদেশকে অবিকল রেখে বিলে রূপান্তর করা হয়েছে। এছাড়া দুটি অধ্যাদেশ রহিত করা হয়েছে এবং একটি আইন পুনঃপ্রচলন করা হয়েছে।

বিভাগীয় মন্ত্রী ও তাঁদের পক্ষে প্রতিমন্ত্রীবৃন্দ বিলগুলো সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে সেগুলো পাস হয়।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে আইনি ভিত্তি দিতে ২৮টি অধ্যাদেশকে কোনো পরিবর্তন ছাড়াই বিল হিসেবে পাস করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন (সংশোধন) বিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ গ্যাস এবং বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ এবং পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ বিল। বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল।

সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করা হয়েছে। এর পরিবর্তে ২০০৯ সালের মূল আইনটিকে কার্যকর করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়।

অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত অবিকল রাখা হলেও বিচার বিভাগ সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। পাস হওয়া বিল দুটি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬।

এই বিপুল সংখ্যক বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারগুলো স্থায়ী আইনি রূপ পেল।