শহিদুল আলম : প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। গত রাতে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং কিছুটা কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা দীর্ঘ সময় অব্যবহৃত থাকে।
বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, কয়লা সরবরাহ নিশ্চিত হওয়ায় আপাতত একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৪০০ মেগাওয়াট। ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। গ্রীষ্ম এবং সেচ মৌসুমের চাহিদা বিবেচনায় আগামী মে মাসের মধ্যে অন্য ইউনিটটিও চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে। এই কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস সচল রাখা সম্ভব হবে। এরই মধ্যে একটি কয়লাবাহী জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে রয়েছে।
এদিকে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটির গুরুত্বও বেড়েছে। বিশেষ করে তাপপ্রবাহ এবং সেচ মৌসুমের সময় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়লে বড় উৎপাদন কেন্দ্রগুলো সচল রাখা জরুরি হয়ে পড়ে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যমান কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু রাখা গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব।

