ধামরাইয়ে এনসিপি’র কার্যালয় উদ্বোধন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

0
ধামরাইয়ে এনসিপি’র কার্যালয় উদ্বোধন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

সাভার প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘাতের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কালামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ওই মার্কেটের তৃতীয় তলায় এনসিপি’র ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে হঠাৎ করেই সেখানে পদবঞ্চিত একদল নেতাকর্মী উপস্থিত হন। তারা বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু স্বার্থান্বেষী মহল জুলাই অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ঢাকা জেলা উত্তরের এই পূর্ণাঙ্গ কমিটি হলে তাদের সেই ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে—এমন ভয় থেকেই তারা পরিকল্পিতভাবে এই অতর্কিত হামলা চালিয়েছে।”

অন্যদিকে, পদবঞ্চিত অংশটি বর্তমান কমিটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।