কুখ্যাত গরু চোর শিহাবকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল স্থানীয়দের

0
কুখ্যাত গরু চোর শিহাবকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল স্থানীয়দের

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর চক্রের মূলহোতা শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। ১০ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে শিহাব শিকদারের গোয়ালঘর থেকে একটি চুরি হওয়া গরু উদ্ধার এবং দুই চোরকে আটকের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে পরদিন বিকেলে ক্ষোভ প্রকাশে রাস্তায় নামেন ভুক্তভোগী পরিবার, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল। বিক্ষোভ মিছিলটি বাহেরচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদারের নেতৃত্বে আয়োজিত মিছিলে বক্তব্য রাখেন মো. জাহিদ রাড়ি, মো. লিটন হাওলাদার ও মো. সুলতানা খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, শিহাব শিকদার দীর্ঘদিন ধরে চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, চর দখল, অবৈধ বালু উত্তোলন ও সালিশ বাণিজ্যের মতো বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি সংঘবদ্ধ চোর চক্র পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারের গ্রেপ্তার এবং চোর চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।#