জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় ঐতিহ্যবাহী পুনট হাটের রাস্তা অবৈধ দখলমুক্ত এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুরে পুনট বাজারসংলগ্ন সড়কে ‘পুনট হাট ও বাজার ব্যবসায়ীবৃন্দ’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদ, জিয়াদুল ইসলাম, লেবার সর্দার রানাসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে গাছের গুঁড়ি ও বাঁশের খুঁটি ফেলে রেখে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাটে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে এর সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

