ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় ধরা পড়েছে মূল পরিকল্পনাকারীসহ তিন অভিযুক্ত।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলায়। অভিযুক্ত লিটন মোল্যার (৩৩) সাথে গত দুই মাস ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিয়ের কথা বলে লিটন ও তার সহযোগী সবুজ মোল্যা (২৩) তরুণীকে মোটরসাইকেলে করে বানা ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যান।
নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর তরুণীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। তরুণী এতে অসম্মতি জানালে আসামিরা প্রাণনাশের ভয় দেখিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে। ভোরবেলা অভিযুক্তরা তাকে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
ভোরবেলা ভুক্তভোগী তরুণী নিজে আলফাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ফরিদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিটন মোল্যা (৩৩) প্রধান অভিযুক্ত ও পরিকল্পনাকারী (টিকরপাড়া গ্রাম)। সবুজ মোল্যা (২৩) সহযোগী (কটুরাকান্দি গ্রাম)। আলী শরীফ (২০) সহযোগী (কটুরাকান্দি গ্রাম)।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। অভিযোগ পাওয়ামাত্রই একটি বিশেষ টিম গঠন করে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করি এবং তাদের আইনের আওতায় আনি। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।”

