গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন এসএসসি পরিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌঁনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জাহিদ হাসান (১৬), আবির (১৬) সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরিক্ষার্থী।
হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্কুলের দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন পরিক্ষায় বসেছে।
ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১টার পরে দুজন আহত পরিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর পেয়েছি। তিনজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়া হয়েছে আর দুজন পরিক্ষা দিতে এসেছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নাহিদ ভূঁঞা বলেন, খুবই মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

