চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সৌদিপ্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় সালমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমা আক্তার উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিল। শুক্রবার বিকেলে সালমা তার চার বছরের শিশু সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দেন। এরপর প্রবাসী স্বামী রিয়াদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন তিনি। কল চলাকালীন অবস্থাতেই আকস্মিকভাবে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
প্রত্যক্ষদর্শী জানান, “স্বামী ভিডিও কলে থাকা অবস্থাতেই এই চরম সিদ্ধান্ত নেন সালমা। চোখের সামনে এমন দৃশ্য দেখেও প্রবাসে থাকায় স্বামীর কিছুই করার ছিল না।”
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পারিবারিক কলহ কীভাবে একটি সাজানো সংসার ও একটি শিশুর ভবিষ্যৎ তছনছ করে দিতে পারে, এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে আলোচনা।

