ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণ বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

0
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণ বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানা প্রাচীর ভেঙে ময়লা বর্জ্যের ভাগাড় নির্মাণ বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা। একই সঙ্গে সিটি করপোরেশন সংশ্লিষ্টদের ক্ষতিপূরণে রুল জারি।

সোমবার (৪ মে) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থমূলক মামলা ( নম্বর-৫০৯৮/২০২৬) এর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমান-এর সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ রুলটি জারি করেন। রুলে বলা হয়েছে, ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক আবর্জনা স্তুপীকরণের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছেন মহামান্য আদালত।

একইসাথে আদালত গাজীপুর সিটি কর্পোরেশনকে ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে আদেশ প্রদান করেছেন। অন্তর্বর্তী এ আদেশের পাশাপাশি আদালত গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক জাতীয় উদ্যান সংলগ্ন সংরক্ষিত বনভূমি ও ব্যক্তিমালিকানাধীন ভূমিতে অননুমোদিতভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ এবং জাতীয় উদ্যানের মূল ফটকসহ বিভিন্ন স্থানে ক্রমাগত বর্জ্য ফেলা বন্ধে বিবাদীগণের ব্যর্থতা সংবিধান এবং প্রচলিত আইনের পরিপন্থী হওয়ায় কেন তা আইন বহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রুল জারি করেছেন।

একইসাথে উল্লেখিত উদ্যান ও বনের ক্ষতি সাধন করায় কেন গাজীপুর সিটি কর্পোরেশনকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করা হবে না তা জানতে চেয়েছেন মহামান্য আদালত। সেইসাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরকে উক্ত উদ্যান ও বনের সীমানা যথাযথভাবে নির্ধারণ, বন ও উদ্যানের প্রাকৃতিক বনভূমি এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধার ও সমৃদ্ধকরণ, উদ্যানে পর্যটন নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করার মাধ্যমে বন ও উদ্যানকে রক্ষার নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।