জয়নাল আবেদীন: রংপুরে মাত্র দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধ মামলায় আদালতে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে আদালত চত্বরে মৃত্যু বরণ করলেন শাহিনা ইসলাম নামের এক নারী।
মঙ্গলবার দুপুরে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে এই ঘটনা ঘটে।রংপুর নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর গ্রামের বাসিন্দা শাহিনা ইসলাম । তিনি অসুস্থ হয়ে পড়লে স্বামী নজরুল ইসলামের কোলে মাথা রাখেন। এ অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, পারিবারিক জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে থাকা শাহিনা ইসলাম চিফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার সঙ্গে স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ছিলেন।
আদালত কক্ষে যাওয়ার পর শাহীনা ইসলাম অসুস্থতা বোধ হলে তিনি বিষয়টি তার আইনজীবীকে জানান। পরে অবস্থা বেগতিক হলে স্বামীর কোলে মাথা রাখেন শাহিনা। সেখান থেকে তাকে অটোরিকশায় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

