মাসুদ রানা রাব্বানী: বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৪৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উচ্চশিক্ষা ও সাধারণ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় নগরীর সপুরাস্থ শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন| তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মেধা বিকাশের কোনো বিকল্প নেই| ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে|
তিনি শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন| বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে এমপি মিলন বলেন, সব ধরনের সমালোচনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ| তিনি শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জানান, প্রাথমিক স্তর থেকেই গান, খেলাধুলা ও ধর্মীয় সংগীতসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে| অনুষ্ঠানে জানানো হয়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৯ জন শিক্ষার্থীকে (অক্টোবর- ডিসেম্বর ২০২৫ মেয়াদে) মাসিক ৩ হাজার টাকা করে এবং ৩৫ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে| এসব শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিভিন্ন মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত| মোট বিতরণকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা|
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রইসুল ইসলাম| অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বৃত্তির অর্থ শিক্ষা উপকরণ ক্রয় ও মানসম্মত শিক্ষার পেছনে ব্যয়ের পরামর্শ দেন| পাশাপাশি মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান| সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন| শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|

