গজারিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন: নদী দূষণ রোধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রী এ্যানীর

0
গজারিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন: নদী দূষণ রোধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রী এ্যানীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি: “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি কেবল উন্নয়ন প্রকল্প নয়, এটি ছিল একটি বিপ্লব। আজ জননেতা তারেক রহমানের নির্দেশনায় সেই বিপ্লবকে আমরা নতুন প্রাণে জাগিয়ে তুলেছি।”

বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ্যানী খাল খননের বহুমুখী গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সারাদেশে নদী রক্ষা ও খাল পুনঃখনন কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে। এর ফলে স্থানীয় পর্যায়ে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শনে যান। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি মিশতে দেখে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। নদী রক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে নদী দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই খাল খনন প্রকল্পের মাধ্যমে গজারিয়ার বিশাল এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধার প্রসারে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।