আদালত প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি জমা দেন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি গ্রহণের বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আবেদনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী। শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এবং রাজউক চেয়ারম্যান। মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আবেদনে অভিযোগ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর মহড়া বা উড্ডয়ন সংক্রান্ত নিরাপত্তা ও প্রশাসনিক অবহেলার কারণে এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। বাদীর দাবি, যথাযথ কর্তৃপক্ষের তদারকির অভাবেই জনবহুল এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিধ্বংসী দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও দুর্ঘটনায় প্রাণ হারান।
দীর্ঘদিন পর এই মর্মান্তিক ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে এবং উচ্চপর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে ভুক্তভোগী পরিবারটি আদালতের শরণাপন্ন হয়েছে। এখন আদালতের পরবর্তী নির্দেশনার ওপরই নির্ভর করছে মামলাটির ভবিষ্যৎ প্রক্রিয়া।

