আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস (৩৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ‘রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা’ থেকে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মে) বিকেলে মাদরাসা থেকে ছুটি শেষে বাসায় ফেরার পর শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি শুরু করে। পরিবারের সদস্যরা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার শিক্ষকের হাতে যৌন হয়রানির শিকার হওয়ার কথা বিস্তারিত জানায়।
ঘটনাটি জানার পর শিশুর স্বজনরা দ্রুত মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষক ইলিয়াসকে হেফাজতে নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান “অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করি এবং অভিযুক্ত শিক্ষককে আটক করি। ভুক্তভোগী শিশুর স্বজনরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।”
শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থীর এমন লাঞ্ছনার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পুলিশ জানায়, শিশুটির জবানবন্দি গ্রহণ ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

