গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তন করায় মানববন্ধন

0
গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তন করায় মানববন্ধন

সুমন গাজী: গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তন করায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার (৮ মে) বিকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ২০০৪ সালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ওয়ান কম্পোজিট মিলস্ লিমিটেড নাম একটি শিল্প কারখানা উদ্বোধন করতে আসেন। সে সময় এই রাস্তাটির অবস্থা খুবই বেহাল অবস্থা ছিলো। তা দেখে সঙ্গে সঙ্গে এই রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তার সঙ্গে সরকারের তিনজন মন্ত্রী ছিলেন। এরপর থেকে এই রাস্তা নির্মাণ হয়। নাম দেওয়া হয় তারেক জিয়া সড়ক। আশপাশের এলাকা তখন থেকেই তারেক জিয়া মোড় নামে পরিচিত। বিগত আওয়ামিলীগ সরকারের আমলে রাস্তাটির নাম পরিবর্তন করে তালতলী মনিপুর সড়ক রাখা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছি।

গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে রাস্তার ইতিহাস মুছে দিয়ে নতুন নাম করণ করা হয়েছে। এটা আমরা কোনভাবে মেনে নিবো না। সংশ্লিষ্টদের কাছে আবেদন দ্রুত সময়ের মধ্যে যেন এই সড়কটি আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে হয়। এই সড়কের নাম হবে তারেক জিয়া সড়ক। আশপাশের শতশত দোকানপাটের ব্যানারে সাইনবোর্ডে লেখে রয়েছে তারেক জিয়া মোড়।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রমজান আলী বলেন, এই সড়কের ইতিহাস কাগজে লিপিবদ্ধ। ২০১৫ সালের ২১ জানুয়ারি একটি গাড়ি পুড়ানো মামলা হয়েছে। সেই মামলায় আমি আসামি। সেই মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে তারেক জিয়া মোড়। তাঁরা মামলায় তারেক জিয়া মোড় স্বীকার করেও রাস্তার নাম পরিবর্তন করলেন। আমাদের একটাই দাবি সড়কটি যেন আগের নামে ফিরে আসে।

গাজীপুর সদর উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মো. ফাহাদ জানান, সড়কটি নামকরণ কবে পরিবর্তন হয়েছে আমি সঠিক বলতে পারবো না। তবে এখন সড়কটি তালতলী মনিপুর রাস্তা নামে লিপিবদ্ধ রয়েছে। রাস্তাটির নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে।