মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২: উদ্ধার জবাই করা গরুর পা

0
মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২: উদ্ধার জবাই করা গরুর পা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় একটি লাল রঙের ষাঁড় চুরির ঘটনায় কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) ও এক কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ অভিযানে নামে।

গত ৬ মে (বুধবার) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী শুসংকর মন্ডল কালুর বাড়ির সামনের জমি থেকে তার পালিত লাল রঙের একটি ষাঁড় চুরি হয়। চুরির দৃশ্যটি পার্শ্ববর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যেখানে দেখা যায় অভিযুক্ত সোহেল ও তার দুই সহযোগী মিলে গরুটি নিয়ে যাচ্ছে। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী শুসংকর মন্ডল সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত তথ্যের সত্যতা পাওয়ার পর শনিবার (৯ মে) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

মূল অভিযুক্ত সোহেল (৩৭), যিনি উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে। সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের শ্রীনগর উপজেলা থেকে চুরির গরু ক্রয়কারী কসাই মকবুলকেও আটক করা হয়। পুলিশ আসামিদের কাছ থেকে গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করেছে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। তিনি বলেন “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে কসাই মকবুলকে ধরা হয়। তাদের কাছ থেকে চুরির আলামত জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের সাথে জড়িত অন্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।