রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে গভীর রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে গেছে। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজ’ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক আতিকুর রহমান সুমন জানান, প্রতিদিনের মতো রোববার কাজ শেষে রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যান তিনি। সোমবার সকালে দোকান খুলতেই তার চোখ কপালে ওঠে। তিনি দেখেন, দোকানের ভেতরের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো এবং পেছনের জানালার গ্রিল কাটা।
দোকান মালিকের দেওয়া তথ্যমতে, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের দামী মালামালগুলো ট্রাকে বা ভ্যানে করে নিয়ে চম্পট দিয়েছে। নগদ ১ লাখ ৬০ হাজার টাকা (ক্যাশ ড্রয়ার থেকে)।
৯টি দামী টিভি, ১০টি চার্জার ফ্যান ও ৬টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, ৪টি ব্লেন্ডার, ৭টি ইস্ত্রি (আইরন), ৮টি গ্যাস স্টোভ এবং ৭টি প্রেসার কুকার। মালিকের দাবি, নগদ টাকাসহ সব মিলিয়ে ৬ লাখ ৭২ হাজার ৬৪০ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে তার।
আবাদপুকুর বাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় এমন চুরির ঘটনায় অন্য ব্যবসায়ীরা এখন শঙ্কিত। তাদের অভিযোগ, বাজারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় চোরেরা এতো বড় চুরির সাহস পেয়েছে। অনেকেই বলছেন, গ্রিল কেটে মালামাল বের করা ছিল দীর্ঘ সময়ের কাজ, তবুও কেউ তা টের না পাওয়াটা উদ্বেগের বিষয়।
সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীনগর থানা পুলিশ। এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং মালামাল উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।”
জনবহুল বাজারে এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত বাজার এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

