ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় পৈতৃক জমির বিরোধ এক ভয়াবহ ও নৃশংস রূপ নিয়েছে। আপন ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে বড় ভাইয়ের বাম হাতের কবজি। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাজীকান্দা গ্রামের প্রয়াত তোতা বিশ্বাসের দুই ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) এবং আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার স্থানীয়ভাবে এবং পারিবারিকভাবে সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির সামনের রাস্তায় দুই ভাইয়ের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে ছোট ভাই আমির আলী নিয়ন্ত্রণ হারিয়ে ঘর থেকে ধারালো দা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। বড় ভাই নিজেকে রক্ষার চেষ্টা করলে তার বাম হাতের কবজিতে সরাসরি কোপ লাগে এবং হাত থেকে কবজিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।
রক্তাক্ত অবস্থায় ছলেমান বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আক্কাস মিয়া বলেন, “সামান্য কয়েক শতক জমির জন্য একজন মানুষ তার আপন ভাইয়ের হাত কেটে নিতে পারে, এটা ভাবতেই গা শিউরে উঠছে। আমরা এই বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পরপরই অভিযুক্ত আমির আলী বিশ্বাস এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে ধরার জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পবিত্র ঈদের রেশ কাটতে না কাটতেই ভাইয়ে-ভাইয়ে এমন রক্তক্ষয়ী সংঘর্ষে কাজীকান্দা গ্রামে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে এমন ঘটনার জন্য দায়ী করছেন।

