প্রেমে টানাপোড়েন: গাজীপুরে ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, প্রাণে বাঁচলেও হারালেন পা

0
প্রেমে টানাপোড়েন: গাজীপুরে ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, প্রাণে বাঁচলেও হারালেন পা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের পুবাইলে প্রেমের সম্পর্কের টানাপোড়েন সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্কুলছাত্রী। অলৌকিকভাবে প্রাণ রক্ষা পেলেও এই বিভীষিকাময় ঘটনায় কিশোরীটিকে হারাতে হয়েছে তার ডান পা। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত ওই তরুণীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এক সৌদি প্রবাসীর সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য ও দূরত্ব তৈরি হওয়ায় তিনি প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

স্বজনদের ভাষ্যমতে, মানসিক এই যন্ত্রণা থেকেই আত্মহননের পথ বেছে নেন তিনি। গভীর রাতে গাজীপুরের মাঝোখান এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে উঠে তিনি নিচে ঝাঁপ দেন। পতনের শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা জানান, ওপর থেকে পড়ার কারণে তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”